#কাব্যনাট্য #গদ্য_কবিতা: 🖤মাতৃভাষার কাঠগড়া🖤 ( জান্নাতুল ফেরদৌসী )

https://www.khoborjal25.blogspot.com/
#কাব্যনাট্য
#গদ্য_কবিতা:

🖤মাতৃভাষার কাঠগড়া🖤
( জান্নাতুল ফেরদৌসী )
~~~~~~~~~~~~~~~০~~~~~~~~~~~~~~

*বিচারের দিন:

আজ শহীদ মিনারের সামনে এক অদ্ভুত বিচার বসেছে,
একজন যুবক দাঁড়িয়ে আছে কাঠগড়ায়—
তার অপরাধ?
সে বাংলা ভুল বলে,
বাংলা ভুল লিখে,
আর কখনো কখনো ইংরেজিতে পোস্ট দেয়!
তার চোখেমুখে বিস্ময়,
কেন সে আজ দোষী?

নির্বিকার বিচারক বলেন,
"তোমার মাতৃভাষা যেখানে রক্ত দিয়ে কেনা,
সেখানে তুমি অন্য ভাষার গর্ব করো!
বাংলায় ভুল করো!
তোমার শাস্তি হবে!"

*অভিযুক্তের জবানবন্দি:

যুবক বিস্ময়ে কাঁপে,
তার ঠোঁট কাঁপতে কাঁপতে বলে,
"আমি তো চেষ্টা করি, বিচারক মহোদয়,
আমার বাবা-দাদারা গ্রামে কথা বলত শুদ্ধ বাংলায়,
আমি বড় হয়েছি শহরে,
আমার চারপাশে ছিল বিদেশি ভাষার দেয়াল।
আমার বইয়ের মলাটে বাংলা ছিল,
কিন্তু আমার স্বপ্নগুলো লেখা ছিল ইংরেজিতে।
আমাকে স্কুলে শিখিয়েছে,
বাংলা ভালোবাসো, কিন্তু ইংরেজি জানলেই তুমি বড় হবে!
শিক্ষকরা বলেছেন,
'বাংলায় ভাবো, কিন্তু লিখো ইংরেজিতে,
নাহলে এগোতে পারবে না!'"

*বিচারকের প্রশ্ন:

বিচারক কটমট করে তাকিয়ে বলেন,
"তুমি তাহলে দোষ স্বীকার করছ?
তুমি কি মানো না, মাতৃভাষা হলো আত্মার ভাষা?
তুমি কি ভুলে গেছ,
রক্তে কেনা ভাষার মর্যাদা রাখতে হবে?"

*আত্মপক্ষ সমর্থন:

যুবকের চোখ ছলছল করে ওঠে,
সে বলে,
"আমি কী করব, বিচারক?
আমার অফিসে বাংলায় ই-মেইল লেখা মানা,
আমার চাকরির বিজ্ঞাপনে বলা হয়—
'ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকার ও রাইটার প্রয়োজন!'
আমার মা-বাবা আমাকে শিখিয়েছেন,
জীবনে বড় হতে চাইলে বিদেশি ভাষা জানতেই হবে!
আমার সন্তানকে আমি বাংলা শেখাতে চাই,
কিন্তু তার স্কুল বলে,
বাংলায় বেশি কথা বললে সে পিছিয়ে পড়বে!
বলুন, বিচারক,
আমি দোষী নাকি আমার সমাজ?"

*নিরব আদালত:

কাঠগড়ার সামনে ভিড় করা মানুষ স্তব্ধ।
তারা চোখ নামিয়ে ফেলে।
তাদের সন্তানও তো ইংরেজিতে স্বপ্ন দেখে,
তাদের অফিসেও বাংলার জায়গা নেই।
তারা কি মুখ তুলে বিচারকের চোখে চোখ রাখতে পারবে?

বিচারক দীর্ঘশ্বাস ফেলেন।
তারও মেয়ে বিদেশে পড়তে গিয়ে বাংলায় কথা বলা ভুলে গেছে,
তার নাতি বাংলায় কথা বলতে চায় না!
তিনি কি সত্যিই শাস্তি দেবেন?

*ফয়সালা:

বিচারক বললেন,
"আমরা সবাই দোষী,
আমাদের ভাষা রক্তে কেনা,
কিন্তু আমরা তাকে ভালোবাসতে শিখিনি।
আমরা ভাষাকে শুদ্ধ করতে চাই,
কিন্তু ভাষার প্রতি ভালোবাসা শেখাইনি।
আমাদের সন্তানদের বলেছি,
বাংলা হৃদয়ে রেখো,
কিন্তু পেটে চাল আনতে ইংরেজি শিখো!
এই বিচারের কাঠগড়ায় শুধু এক যুবক নয়,
আমরা সবাই দাঁড়িয়ে আছি।
আমরা সবাই দোষী!"

**মৃত্যু না পুনর্জন্ম?:

আজ শহীদ মিনারের সামনে এক অদ্ভুত বিচার বসেছিল।
কিন্তু শাস্তি হয়নি,
শুধু এক নতুন শপথ নেওয়া হলো—
বাংলাকে ভালোবাসব, শুদ্ধভাবে বলব, শুদ্ধভাবে লিখব,
অন্য ভাষা শিখব, কিন্তু বাংলাকে ছোট করব না!

তবে কি মাতৃভাষার নতুন জন্ম হলো?
নাকি এটাও শুধু একটা প্রতিশ্রুতির ফানুস?...✍️

27.02.2025
https://www.facebook.com/Jannatul.Ferdausi.82
https://toulot.com/n_members/ferdausi/

Post a Comment

Previous Post Next Post